15 Aug 2016

যে সব ব্রাউনি রীনা ব্রাউনের ছিল না...


তার টেবিল চামচ থেকে সরে আসে গান ও লয়
ময়দার ব্যাটার আর ঘন থক্‌থকে চক্‌লেট, আঙুল বানালো তার

আর সে তার কাঁধ থেকে ঠিক করে নেয় পিছ্‌লে যাওয়া আলো

ব্রাউনি বানানোর জন্য যতখানি উষ্ণতা প্রয়োজন
গচ্ছিত রেখেছে এই জঙ্গলময়, তাই কাঠের ঘরে
আগুন জ্বালায় সে আর স্তন তার মেপে রাখে
সেন্টিগ্রেড আর অচেনা ঝোপফুল তার স্কার্টে বেড়ে ওঠে

ওভেনে সে ভাপায় বাসি ভালবাসা
আর ডিম ফু্‌ট ফু্‌ট ফুটে ওঠে

রীনা ব্রাউন আজ আমণ্ড রঙের একটা
টপ্‌ থেকে বেরিয়ে এসেছে, তার হাত ছাঁটা চক্‌লেট
গরম করছে ওভেন, যদিও সে গরম করছে কাঠের ঘর
আর বস্তুত আমায়